পঞ্চগড়ে ধর্ষণের পর স্কুলছাত্রীর আত্মহত্যা: গ্রেফতার ২
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে এক নবম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের খবর পাওয়া গেছে। লোকলজ্জা ও আসামিদের হুমকি সইতে না পেরে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এই ঘটনায় জড়িত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় যুবক সোহেল। গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং ঘটনাটি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরদিন ১১ সেপ্টেম্বর ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে আসামিদের অব্যাহত হুমকি ও লোকলজ্জার কারণে তীব্র মানসিক চাপে ভেঙে পড়ে কিশোরীটি। গত ১২ সেপ্টেম্বর সকালে সে নিজ বাড়িতে বিষপান করে। দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সোহেল (২৫) ও তার সহযোগী মো. রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টুকে (২৩) গ্রেফতার করেছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল জানিয়েছেন, স্কুলছাত্রী মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে