ভারতের কাছে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে দেশটিতে অবস্থানরত শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশিদের ফেরত দেওয়াকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন বর্বরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে। এ কারণে বিদেশে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে ফেরত চাওয়া হবে।
বিশেষ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারত সরকারকে জানানো হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কার্যকর ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে এসব বিষয় বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাহেদ উর রহমান বলেন, যেসব অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ফেরত চাওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের কেন চাওয়া হবে না—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের জন্য ভারতে অবস্থানরত অভিযুক্তদের ফেরত দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ শুধু জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নয়; এর আগে দীর্ঘ সময় ধরেও বিভিন্ন ধরনের বর্বরতার অভিযোগ রয়েছে। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
ভারতে অবস্থানরত এসব ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা অন্য দেশে অবস্থান করে বিভিন্ন বক্তব্য দিলে তা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ আশা করে ভারত সরকার বিষয়টির সংবেদনশীলতা বুঝবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
১১৫ বার পড়া হয়েছে