শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে যাওয়ার আহ্বান ময়মনসিংহ ডিসির
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিক্ষকদের দায়িত্বশীলতা ও কার্যকর মনিটরিংয়ের ওপর জোর দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান। কেবল জিপিএ-৫ বা ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা অর্জনের মাধ্যমে প্রকৃত শিক্ষার বিকাশ ঘটাতে প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং মৌলিক গণিতে দুর্বলতার প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, এটি কেবল শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, বরং শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত সকলের জন্য আত্মসমালোচনার বিষয়। তিনি প্রতিটি বিদ্যালয়ে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে শিক্ষার মান বাড়াতে পরিমাপযোগ্য সূচক ব্যবহারের তাগিদ দেন।
প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধান শিক্ষকদের কেবল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, শিক্ষার্থীদের জন্য রোল মডেল হিসেবে নিজেকে মেলে ধরতে হবে। ভয়ভীতি প্রদর্শন নয়, বরং সময়ানুবর্তিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে বিদ্যালয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
শুধু পুঁথিগত ও সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে সহশিক্ষা কার্যক্রম যেমন খেলাধুলা, সংগীত, নৃত্য ও আবৃত্তির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। যুগের পরিবর্তনের সাথে সাথে শিক্ষকদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে উল্লেখ করে তিনি দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর। সভায় শিক্ষকরা বিদ্যালয় ব্যবস্থাপনার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
১০৮ বার পড়া হয়েছে