আট বছর পর বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ, চূড়ান্ত সূচি প্রকাশ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
আট বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে মাঠে নামবে স্বাগতিক দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
একই দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ১১ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এই গ্রুপের অপর ম্যাচে ৮ নভেম্বর ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ৮ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ১১ নভেম্বর ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি রাত সাড়ে ৮টায়। ১৭ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
তবে এই সূচি এখনো চূড়ান্ত নয়। ফিফার নিষেধাজ্ঞার কারণে গত আগস্টে অনুষ্ঠিত ড্রয়ে নেপালকে রাখা হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপালের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে গেলে দেশটি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবে।
সে ক্ষেত্রে নেপালকে বাংলাদেশের গ্রুপে যুক্ত করে নতুন সূচি প্রকাশ করা হবে। নেপাল অংশ নিলে টুর্নামেন্টের ম্যাচ শুরু হবে ৪ নভেম্বর থেকে।
ঘরের মাঠে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি বেশ পুরোনো। সর্বশেষ ২০০৩ সালে নিজেদের মাঠে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ফিরতে যাওয়া আসরে সেই সাফল্যের পুনরাবৃত্তিই চাইবে স্বাগতিক দল।
১০৭ বার পড়া হয়েছে