যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
বুধবার, ১০ জুন, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট)-কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
একই সঙ্গে জর্ডানে মার্কিন বাহিনীর অবস্থান হিসেবে পরিচিত একটি বিমানঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে তারা।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, দুই পক্ষের মধ্যে সংঘাত এখনো চলমান এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে সিরিকের বেমানি জেলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়।
জর্ডানের বিমানঘাঁটিতে হামলার বিষয়ে আইআরজিসি জানায়, ওই ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে।
এছাড়া ইরান দাবি করেছে, এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে ২১টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হচ্ছে। নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে