সভাপতি বক্কর, সাধারণ সম্পাদক শামীম
জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে বাংলাভিশনের আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজের শামীম কাদির জয়লাভ করেছেন। শনিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় ভোট গণনা। নির্বাচন কমিশনার নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন এসএ টিভির সোহেল আহমেদ লিও এবং ভোরের দর্পণের তানভিরুল ইসলাম রিগ্যান। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের আবু মুসা এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক যায়যায়দিনের ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে লাইব্রেরী সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শীতল চন্দ্র জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান, পুলক সরকার এবং রুহুল আমিন। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুধীজন ও সাংবাদিক নেতৃবৃন্দ।
১৩৯ বার পড়া হয়েছে