হালুয়াঘাটে ব্যতিক্রমী কাদামাটিতে ট্রলি দৌড় প্রতিযোগিতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী কাদামাটিতে ট্রলি দৌড় প্রতিযোগিতা। কয়রহাটি যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মেতেছিল হাজারো মানুষ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কয়রহাটি গ্রামে দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় কয়রহাটি যুব স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক ট্রলি অংশ নেয়। কর্দমাক্ত মাঠে ট্রলির এই রোমাঞ্চকর লড়াই দেখতে সকাল থেকেই ভিড় জমান হাজারো উৎসুক দর্শক। পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশের।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ খেলাধুলা ও লোকজ সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলার কৃষকের জীবন ও সংগ্রাম কাদামাটির সঙ্গে গভীরভাবে মিশে রয়েছে। সেই কাদামাটিকে উৎসবের অনুষঙ্গ বানিয়ে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন সত্যিই প্রশংসনীয়।
তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করার তাগিদ দিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চা তরুণের মাঝে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম জাগ্রত করে। তাই সুস্থ সমাজ গঠনে প্রতিটি গ্রামেই গ্রামীণ খেলাধুলার প্রসার ঘটাতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাইমুর আরেফীন পাপন, এবং কৃষকদল নেতা আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল এবং পরবর্তী স্থান অধিকারীদের ফ্রিজ, এলইডি টেলিভিশন ও মোবাইল ফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়।
১৩৯ বার পড়া হয়েছে