পটিয়ার যুবদল নেতা মিজানুর রহমান কফিল বহিষ্কৃত
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের পটিয়া উপজেলার আলোচিত যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল।
নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়। দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের অধীন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অভিযোগের প্রেক্ষিতে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ মে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হন কফিল। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট নারীর সঙ্গে কফিলের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান কফিল দাবি করেছেন, তিনি আত্মীয়ের বাড়িতে একটি লেনদেনসংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪৬ বার পড়া হয়েছে