টাঙ্গাইলের দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ‘ডু সামথিং ফাউন্ডেশন’
শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সিরাজগঞ্জভিত্তিক সামাজিক সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’। মানবিক চিকিৎসকদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি নিহতদের প্রত্যেক পরিবারের কাছে গিয়ে ৫০ হাজার টাকা করে অনুদান পৌঁছে দেয়।
গত শুক্রবার ও শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা নিহতদের নিজ নিজ বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন। এ সময় তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
নিহতদের মধ্যে ৯ জন নওগাঁর মান্দা উপজেলার, একজন নিয়ামতপুরের, একজন রাজশাহীর তানোরের, একজন নাটোরের লালপুরের, দুইজন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার এবং একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তাদের সবাই নিম্নআয়ের মানুষ ছিলেন। এর মধ্যে ১৪ জন হকার হিসেবে জীবিকা নির্বাহ করতেন এবং অপরজন ছিলেন ভ্রাম্যমাণ দিনমজুর।
সংগঠনের চেয়ারম্যান ডা. নাজমুল ইসলাম বলেন, ঈদে বাড়ি ফেরার পথে একসঙ্গে ১৫টি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এই সহায়তা হয়তো ক্ষতি পূরণ করতে পারবে না, তবে এটি আমাদের মানবিক সহমর্মিতার একটি ছোট্ট বার্তা।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে এলে সমাজে মানবতার চর্চা আরও বিস্তৃত হবে।
উল্লেখ্য, গত ২৫ মে ভোরে নোয়াখালী থেকে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে ১৫ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হন। ঈদের আনন্দঘন সময়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলে।
৪১৯ বার পড়া হয়েছে