মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর, সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর ও প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তিনি বন্দরের জেটি, কনটেইনার ইয়ার্ড ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সরকারি সফরে মোংলায় গিয়ে বন্দর ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনকালে বন্দরের সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা ও কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন।
বন্দরটির আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানো, পণ্য দ্রুত খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিকেল সোয়া চারটার পর বন্দর জেটি এলাকা থেকে বের হয়ে তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওনা হন। পথে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। পরে তিনি প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনার উদ্দেশ্যে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তিনি সেখানে যান। এর আগে হেলিকপ্টার ও জলযানে খুলনা ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করেন।
সকালের কর্মসূচির অংশ হিসেবে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান। সেখান থেকে নৌপথে দুপুর পৌনে একটার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী।
নৌঘাঁটিতে তিনি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু বকর পরিদর্শন করেন। পরে সেখানে মধ্যাহ্নবিরতি শেষে মোংলা বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান।
দিনের কর্মসূচি শেষে বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯৭ বার পড়া হয়েছে