নরসিংদীতে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে ইঞ্জিনিয়ারের মৃত্যু, দগ্ধ ৪
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং ও ডাইং কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
মাধবদী বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে গত বুধবার বিকেলে এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেড়ে গেলে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। মোট পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসক ড. হারুনুর রশিদ জানান, দগ্ধ অবস্থায় রাতে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সকালে চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয়, যার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া চিকিৎসাধীন টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাজাহানের ৪ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় টিপুকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনায় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কালীবাড়ি ডাইংয়ের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সার্বিক দায়িত্ব তিনি নিজে বহন করবেন। একই সাথে চিকিৎসাধীন সকলের সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন কারখানা মালিক।
১১৮ বার পড়া হয়েছে