বান্দরবানের ক্রিকেট উন্নয়নে নতুন পরিকল্পনা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে ক্রিকেটের পুনরুজ্জীবন এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বান্দরবান ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবানের ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ক্রিকেটপ্রেমী, ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা।
বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বান্দরবান ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা এবং নিয়মিত জেলা ক্রিকেট লিগ ও আন্তস্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ কোচের মাধ্যমে প্রশিক্ষণ শিবির আয়োজন এবং আধুনিক ক্রিকেট একাডেমি গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়াতে উপযুক্ত মাঠ, নেট অনুশীলনের সুবিধা এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ ছাড়া জেলার ক্রিকেটের উন্নয়নে স্থানীয় পৃষ্ঠপোষক ও ব্যবসায়ীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী তহবিল গঠনের পরিকল্পনাও উঠে আসে সভায়।
বক্তারা বলেন, বান্দরবানে ক্রিকেটের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত উদ্যোগ, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করা গেলে জেলার প্রতিভাবান খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারবেন।
সভা শেষে আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দ্রুত বার্ষিক ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ এবং জেলার ক্রিকেট কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
১১৪ বার পড়া হয়েছে