রাজশাহীতে অতিরিক্ত হাসিল আদায়, রশিদে নেই টাকার অঙ্ক
বুধবার, ২৭ মে, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বিভিন্ন পশুর হাটে কুরবানির পশু কেনাবেচায় নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে।
অনেক ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেওয়া রশিদে আদায়কৃত টাকার পরিমাণ উল্লেখ না করায় ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, কুরবানির ঈদকে সামনে রেখে রাজশাহী সিটি হাটে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার গবাদিপশু কেনাবেচা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন গরু ও মহিষের জন্য ৭০০ টাকা এবং ছাগলের জন্য ৫০০ টাকা হাসিল নির্ধারণ করলেও বাস্তবে গরুর ক্ষেত্রে এক হাজার টাকা এবং ছাগলের ক্ষেত্রে ৬০০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
একই ধরনের অভিযোগ পাওয়া গেছে পবা উপজেলার নওহাটা পশুহাটেও। সেখানে রশিদে টাকার অঙ্ক উল্লেখ না করে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। অভিযোগ অনুযায়ী, নওহাটা হাটে গরুর জন্য এক হাজার টাকা এবং ছাগল-ভেড়ার জন্য ৬০০ টাকা নেওয়া হচ্ছে। অথচ নওহাটা পৌর কর্তৃপক্ষ নির্ধারিত হাসিল রেখেছে গরুর জন্য ৫০০ টাকা এবং ছাগল-ভেড়ার জন্য ৩০০ টাকা।
এদিকে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সোমবার নওহাটা পশুহাটের ইজারাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।
রাজশাহী সিটি হাটে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্বে থাকা রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
১৮৭ বার পড়া হয়েছে