বজ্রপাতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষকের মৃত্যু, আহত ২ নারী
শনিবার, ২৩ মে, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল সূত্র।
নিহত কৃষকের নাম মহব্বত খাঁ (৪২)। তিনি উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং তিন সন্তানের জনক।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, বৃষ্টির আশঙ্কায় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খাঁ, তাঁর স্ত্রী রুমা বেগম (৩৬) এবং প্রতিবেশী মর্জিনা বেগম (৫০)। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মহব্বত খাঁ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।
বজ্রাঘাতে তাঁর স্ত্রী রুমা বেগম ও মর্জিনা বেগম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পায়ে দগ্ধের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪০ বার পড়া হয়েছে