মক্তবে শিশুদের সঙ্গে অনৈতিক আচরণ, ইমামকে গণধোলাই আটক, থানায় মামলা
শনিবার, ২৩ মে, ২০২৬ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মক্তব পড়ুয়া শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে এক মসজিদের ইমামকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেন (২৮)-এর বিরুদ্ধে মক্তবে পড়তে আসা শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে তিনি শিশুদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে মহিপুর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছেন।
১০৭ বার পড়া হয়েছে