শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেফতার
শনিবার, ২৩ মে, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বিলনাথুর গ্রামের সেলিমের ছেলে আনিক (১৯), একই গ্রামের ফজলু শেখের ছেলে নয়ন শেখ (২০) এবং ইছাপুর গ্রামের মৃত শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বিলনাথুর গ্রামের সৌরভ শেখ নামের এক যুবকের যোগাযোগ গড়ে ওঠে। পরবর্তীতে তাকে প্রেমের প্রস্তাব ও বিয়ের আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত ৫ এপ্রিল সকালে শ্রীপুর ট্যাম্পু স্ট্যান্ড এলাকার বালুর মাঠে দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে সেখানে নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে আটক করে নির্যাতন করা হয় এবং এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২২ মে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামিসহ আরও দুজন পলাতক রয়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে