রামিসা হত্যার দ্রুত বিচার ও নারী নির্যাতন প্রতিরোধে কলাপাড়ায় মানববন্ধন
শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন, কলাপাড়া উপজেলা শাখা এবং নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক তারেক আনাম সুমন, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, মোশারফ হোসেন মিন্টুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় জড়িতদের ইতোমধ্যে গ্রেফতার করা হলেও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি। তারা বলেন, বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়ে।
এ সময় তারা কলাপাড়ার চম্পাপুর এলাকায় নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে আরও বলা হয়, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
স্থানীয় মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন, দ্রুত বিচার নিশ্চিত হলে এমন ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে এবং সমাজে ন্যায়বিচারের প্রতি আস্থা আরও বাড়বে।
১০৪ বার পড়া হয়েছে