শিশু রামিসা হত্যার বিচার দাবি: দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সম্মিলিত নাগরিক সমাজের
শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। আয়োজকরা একই সঙ্গে দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিচার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইন এবং সঞ্চালনা করেন কবি নাহিদ আফরোজ লিজা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
ভয়েস অব কানসাস সিটিজেট (ভিসিসি)-এর চেয়ারম্যান ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি শিশু রামিসার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন বলেন, একটি সভ্য রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তিনি বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাংবাদিক ও কবি অশোক ধর বলেন, শিশু রামিসাসহ সকল নির্যাতনের ঘটনায় দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে কমরেড আবুল হোসাইন বলেন, এ ধরনের ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে জনআস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা, দ্রুত বিচার কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
১২১ বার পড়া হয়েছে