ইলিশ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত
শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫–২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)” এর আওতায় জেলার কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।
সেমিনারে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং ইলিশ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।
আলোচনায় ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জাটকা রক্ষা, মা ইলিশ সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে, যা জাতীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্য ধরে রাখতে হলে ইলিশ সম্পদ সংরক্ষণে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, জাটকা নিধন ও মা ইলিশ আহরণ রোধে কঠোরভাবে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে জেলেদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, বিকল্প কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদার করা জরুরি।
সেমিনারে অংশগ্রহণকারীরা টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
১০৫ বার পড়া হয়েছে