সিলেটে সাংবাদিককে পরিকল্পিতভাবে হামলা ও ছিনতাই
শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে এক সংবাদকর্মীকে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, যা স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনা ঘটেছে ১৪ মে, জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউনিয়নের তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯), জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, জুয়েল আহমদ (৩০) ও আরও ৪-৫ অজ্ঞাত যুবক এই হামলায় জড়িত।
রায়হান হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনার জন্য তিনি সকালে জুয়েলের সঙ্গে দেখা করার কথা বলেন। কিন্তু পরে পরিকল্পিতভাবে হামলার ফাঁদে ফেলে তাকে পথরোধ করা হয়। নির্জন এলাকায় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে চার-পাঁচ জন দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রের মুখে তাকে ঘিরে ফেলে। রায়হানকে আঘাত করা হয় এবং ১ লাখ ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
হামলার পর দুষ্কৃতিকারীরা রায়হানকে সিএনজিতে তুলে নির্জন স্থানে ফেলে যায় এবং আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতাল ভর্তি করেন।
স্থানীয় সাংবাদিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এটি কেবল ব্যক্তিগত হামলা নয়, স্বাধীন সাংবাদিকতার ওপরও হুমকি। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১২৫ বার পড়া হয়েছে