বন্ধু মিলন-৯৬: কুমারখালীতে জমজমাট আয়োজনের ঘোষণা মিলনের
শনিবার, ১৬ মে, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি ব্যাচ ’৯৬ এর বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বন্ধু মিলন-৯৬” শীর্ষক এক আনন্দঘন অনুষ্ঠান। আগামী ৩০ মে বিকাল ৫টা ৩০ মিনিটে হল বাজার পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির আয়োজন করেছেন আসন্ন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও এসএসসি ব্যাচ ’৯৬ এর বন্ধু অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে এসএসসি ব্যাচ ’৯৬ এর বন্ধুদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের অনুষ্ঠান আরও আকর্ষণীয় ও জমজমাট করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন।
অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ’৯৬ এর বন্ধুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত করে পুরনো স্মৃতি রোমন্থন, প্রাণখোলা আড্ডা, হাসি-আনন্দ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করে তুলতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। এবার আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটিকে আরও ব্যতিক্রমধর্মী ও আনন্দময় করে তুলতে। অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যবাহী নানা ধরনের লোকজ খাবারের আয়োজন রাখা হবে, যা শিশু থেকে শুরু করে পরিবারের সকল সদস্যই অত্যন্ত উপভোগ করবেন।
তিনি এসএসসি ব্যাচ ’৯৬ এর সকল বন্ধু ও তাদের পরিবারকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় করে তোলার আহ্বান জানান।
১৪৯ বার পড়া হয়েছে