বকশীগঞ্জে ১,২৯৫ জন পেলো ফ্যামিলি কার্ড, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রম শুরু
রবিবার, ১৭ মে, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে শনিবার (১৬ মে) জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১,২৯৫ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক এবং পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা সরাসরি গৃহবধূদের হাতে পৌঁছানো হচ্ছে, যা নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল করবে।”
উল্লেখ্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’– এই নীতির মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন।
১৭০ বার পড়া হয়েছে