সর্বশেষ

সারাদেশ

বিশেষ পারমিটে ভারত থেকে দেশে ফিরল ২০ বাংলাদেশি শিশু

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) হয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা শিশুদের বাড়ি বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে ১৩ জন মেয়ে শিশু এবং ৭ জন ছেলে শিশু রয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা জানিয়েছে—ভালো কাজের আশায় দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথে তারা বাবা-মায়ের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। সেখানে তাদের বাবা-মা বাসাবাড়ি ও মাঠে কাজ করতেন। ২০২৪ সালের শুরুর দিকে তারা যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করে।

পরবর্তীতে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠায়। সাজা শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার আবেদনের পর শিশুদের পশ্চিমবঙ্গের কিশোলয়া, সুরকন্যাসহ সাতটি শেল্টার হোমে রাখা হয়।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত বিশেষ ট্রাভেল পারমিট এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এ সময় বিজিবি, বিএসএফ, পুলিশ এবং উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, দেশে ফেরত আসা শিশুদের ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুদের যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, মহিলা আইনজীবী সমিতি এবং ‘যশোর রাইটস’ নামের তিনটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন