চাঁপাইনবাবগঞ্জে এবার বাতিল ম্যাংগো ক্যালেন্ডার, পাকা আম হলেই সংগ্রহের সিদ্ধান্ত
সোমবার, ১১ মে, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে চালু থাকা আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ এবার আর থাকছে না। পরিবর্তে, গাছে আম পরিপক্ব হলেই তা সংগ্রহ ও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সেখানে আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভা শেষে জেলা প্রশাসক জানান, অধিকাংশ অংশগ্রহণকারী এবার নির্দিষ্ট সময়সূচি না রাখার পক্ষে মত দিয়েছেন। সেই প্রেক্ষিতে এবার থেকে কোনো ‘ম্যাংগো ক্যালেন্ডার’ থাকছে না। তবে আম সম্পূর্ণ পরিপক্ব হওয়ার আগে সংগ্রহ বা বিক্রি করা যাবে না।
তিনি আরও বলেন, অপরিপক্ব বা কাঁচা আম বাজারজাতকরণ কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ বিষয়ে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
১২২ বার পড়া হয়েছে