সর্বশেষ

সারাদেশ

অস্ত্রের মুখে ব্যাংকের ২০ লাখ টাকা লুট, গোলাপগঞ্জে দিনদুপুরে সিনেমাটিক ডাকাতি

স্টাফ রিপোর্টার, গোলাপগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোলাপগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্যে সংঘটিত এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। চাপাতি ও দেশীয় অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১১ মে) দুপুর প্রায় ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদ ও এজেন্ট ব্যাংকের প্রতিনিধি হাজী মোহাম্মদ আলী ওই টাকাভর্তি ব্যাগ নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে গন্তব্যে রওনা দেন।

পথে দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত সিএনজির গতিরোধ করে। প্রথমে একটি মোটরসাইকেল সামনে এসে পথ আটকে দেয়, পরে আরও কয়েকজন এসে দেশীয় অস্ত্র ও চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে।

এ সময় টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদকে চাপাতি দিয়ে পায়ে আঘাত করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ২০ লাখ টাকা নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী হাজী মোহাম্মদ আলী বলেন, “প্রথমে মনে হয়েছিল দুর্ঘটনাবশত মোটরসাইকেল এসেছে। কিন্তু পরে আরও কয়েকটি মোটরসাইকেল এসে আমাদের ঘিরে ফেলে। চাপাতি দেখিয়ে টাকা দিতে বলে। না দিলে আঘাত করে টাকা নিয়ে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকতে পারে বলে সন্দেহ হয়েছে।”

এ ঘটনার পর রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে দিনের বেলায় এমন প্রকাশ্য ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন