সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত, ভারতের নতুন অধিনায়ক হতে পারেন শ্রেয়াস আইয়ার
শনিবার, ৯ মে, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই একজন অভিন্ন অধিনায়ক রাখার চিন্তাভাবনা করছে বোর্ড।
এই পরিকল্পনার অংশ হিসেবে ভারতীয় দলের সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে উঠে এসেছে শ্রেয়াস আইয়ারের নাম। তাকে শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে দলের নেতৃত্বও দেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে।
বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি থাকায় নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফলে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বিসিসিআই সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স এবং নেতৃত্বগুণের কারণে শ্রেয়াস আইয়ারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বোর্ডের পরিকল্পনা হলো এমন একজন অধিনায়ক নিয়োগ দেওয়া, যিনি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে সক্ষম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “নতুন টি-টোয়েন্টি দল ঘোষণার সময় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বোর্ড এমন একজনকে নেতৃত্বে আনতে চায়, যিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলই সামলাতে পারবেন।”
তবে সূর্যকুমার যাদবকে পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তার অবদানকে সম্মান জানানো হবে বলে জানাচ্ছে বিসিসিআই।
অন্যদিকে, গত বছর ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল শুভমান গিলকে। তবে বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব কাঠামো নতুনভাবে সাজানোর দিকে এগোচ্ছে বোর্ড।
আগামী ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারত। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং জুনের শেষ দিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সাদা বলের একাধিক ম্যাচ খেলবে দলটি।
১২৪ বার পড়া হয়েছে