কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, টহল ও নজরদারি বৃদ্ধি
শনিবার, ৯ মে, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। এর অংশ হিসেবে নজরদারি ও টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।
শনিবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বর্ডার আউট পোস্ট (বিওপি) থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।”
১২১ বার পড়া হয়েছে