সর্বশেষ

সারাদেশ

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে, মাদারীপুরে শোকের মাতম

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

শনিবার, ৯ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৬)-র মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (৯ মে) সকাল থেকেই বৃষ্টিকে শেষবারের মতো দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় করছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। একই সঙ্গে চলছে তার কবর খোঁড়ার কাজ।

স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছাবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে বৃষ্টির মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহত বৃষ্টির চাচি জাকিয়া সুলতানা বলেন, “বৃষ্টি ছিল আমাদের এলাকার শিক্ষার আলো। এভাবে সেই আলো নিভে যাবে কখনো ভাবিনি। আমার সন্তানরাও তার কাছ থেকে অনেক কিছু শিখেছে। তার মেধা পুরো এলাকাকে আলোকিত করেছিল। হয়তো বৃষ্টির মতো আর কেউ হবে না, কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকবে। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।”

বৃষ্টির চাচা দানিয়াল আকন বলেন, “বাড়িতে এলেই সবাইকে লেখাপড়া করার এবং ভালো মানুষ হওয়ার উপদেশ দিত বৃষ্টি। আজ আর কেউ সেই উপদেশ দেবে না। আমরা শুধু আমাদের মেয়েকেই হারাইনি, পুরো এলাকার একটি আলোকবর্তিকাকে হারিয়েছি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

চাচাতো ভাই রুমান আকন বলেন, “আপুর কাছ থেকেই শিখেছি কীভাবে ভালো ফলাফল করতে হয়। তার দেখানো পথেই আমি ক্লাসের প্রথম হয়েছি। এখন আর কেউ আমাকে পড়াশোনার জন্য উৎসাহ দেবে না। আমরা ভেবেছিলাম আপু একদিন পুরো এলাকাকে আলোকিত করবে, কিন্তু সে লাশ হয়ে ফিরবে—এটা কখনো কল্পনাও করিনি।”

পরিবার জানিয়েছে, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক সম্পন্ন করেন বৃষ্টি। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হন। তবে স্নাতকোত্তর শেষ করার আগেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পান। এরপর ২০২৫ সালের ২৫ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। পরে ৪ মে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৬ বছর বয়সী ওই মার্কিন নাগরিক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী।

এদিকে নিহত বৃষ্টি ও লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম ‘টাম্পা বে ২৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন