৪৫ বছর পর কলাপাড়ায় শহীদ জিয়ার খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন শুরু
বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৫:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিবুর রহমান খন্দকার এবং লালুয়া বিএনপি নেতা মো. বিশ্বাস সজলসহ অনেকে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর খালের স্লুইস গেট থেকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ হাজার ৪৫০ মিটার অংশে খাল পুনঃখননের কাজ চলছে। এই প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ২২ হাজার ২৯০ টাকা। খালটির উপরের প্রস্থ ৭০ ফুট, নিচের প্রস্থ ৪০ ফুট এবং গভীরতা ১০ ফুট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দুই পাড়ে ১০ ফুট করে রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, স্বনির্ভর খালের মোট দৈর্ঘ্য ৫.৪ কিলোমিটার হলেও প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৪৫০ মিটার অংশে কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৩২১ জন উপকারভোগী সরাসরি সুবিধা পাবেন এবং শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পাবেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটির খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় পুনঃখনন না হওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দখল-দূষণের কারণে খালটি ভরাট হয়ে যায়। ফলে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি শুষ্ক মৌসুমে অনাবাদি থেকে যেত।
স্থানীয়রা আশা করছেন, খালটি পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। এতে করে একাধিক ফসল উৎপাদনও সহজ হবে এবং কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
১৩০ বার পড়া হয়েছে