সর্বশেষ

সারাদেশ

মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহার চেষ্টার অভিযোগ, ফরিদপুরে সংবাদ সম্মেলনে প্রতিবাদ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাকে ‘রাজনৈতিক মামলা’ আখ্যা দিয়ে প্রত্যাহারের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিহত মাসুদ রানার ভাই মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের মা হালিমা বেগম, স্ত্রী শাহীন আফরোজ রোজি, কন্যা মেহেরিবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় তার ভাই মাসুদ রানা প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার শিকার হন। ঘটনার পর ১৫ এপ্রিল ভাঙ্গা থানায় ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর মো. ফরহাদ হোসেন ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর দণ্ডবিধির ১৪৩/৩০২/২০১/১১৪/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে, যেখানে এখন পর্যন্ত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, মামলার প্রধান আসামি ইমদাদুল হক বাচ্চু ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন এবং অন্যান্য আসামিরাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়।

নিহতের ভাই বলেন, “আমার ভাই দীর্ঘ ১৮ বছর ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে অন্যায়ের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, সম্প্রতি মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দেখিয়ে প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, মামলা প্রত্যাহারের মাধ্যমে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। একইসঙ্গে মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, যাতে মামলাটি রাজনৈতিকভাবে বিবেচনা না করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন