গণমাধ্যমের স্বাধীনতায় রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বাড়বে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি জবাবদিহিতার আওতায় থাকবে, যা সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেসক্লাব-এর নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “নৈরাজ্যপূর্ণ সংবাদ পরিবেশন গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করে। তবে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে।” তিনি আরও বলেন, জনগণের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত মান উন্নয়ন জরুরি।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, সংবাদপত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে টিআরপি বা জনপ্রিয়তার ভিত্তিতে কোনো গণমাধ্যমকে সরকারি সুযোগ-সুবিধা না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আতিকুর রহমান টিপু-এর সভাপতিত্বে এবং গুলজার রহমান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
১২০ বার পড়া হয়েছে