১৪ বছর চাকরির পর ছাঁটাই, পুনর্বহালের দাবি বিটিসিএল কর্মচারীর
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা টেলিফোন এক্সচেঞ্জে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর চাকরি হারানো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর এক চুক্তিভিত্তিক কর্মচারী পুনর্বহালের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী আরিফ রেজা জানান, তিনি ২০০০ সালে মাসিক ৩ হাজার টাকা বেতনে ভেড়ামারা টেলিফোন এক্সচেঞ্জে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তিনি টানা ১৪ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন বলে দাবি করেন।
তার অভিযোগ, ২০১৪ সালে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই তাকে মাস্টার রোলের উপস্থিতি শিট থেকে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ করায় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন এবং তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে আদালতে ওই মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি অব্যাহতি পান। এরপর পুনরায় চাকরিতে যোগদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
আরিফ রেজা বলেন, “আমি চাই আমাকে আবার বিটিসিএল-এর মাস্টার রোলে অন্তর্ভুক্ত করে চাকরিতে পুনর্বহাল করা হোক। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ ও অন্যায়ভাবে চাকরিচ্যুতি এবং মিথ্যা মামলার বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।”
তিনি আরও জানান, দীর্ঘদিন কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তার।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, তার চাকরিটি চুক্তিভিত্তিক ছিল এবং তিনি যে প্রকল্পে কাজ করতেন সেটি বর্তমানে বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। তবে তিনি চাইলে ঢাকায় যোগাযোগ করে নতুনভাবে যোগদানের সুযোগ পেতে পারেন বলেও জানানো হয়েছে।
১২১ বার পড়া হয়েছে