নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর সদর উপজেলার পাচদোনা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ইয়ামাহা এফজেড-১৫০ সিসিসহ মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) সকালে পরিচালিত এ অভিযানের তথ্য সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ।
গ্রেপ্তাররা হলেন—শিবপুর উপজেলার কারারচর গুপ্তপাড়া এলাকার সাইফুল ইসলাম বাবু (২৩) এবং মাধবদী পাঁচদোনা এলাকার ইমরান হোসেন (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাচদোনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চলতি বছরের ১৮ জানুয়ারি রাতে সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি ম্যাট ব্লু রঙের ইয়ামাহা এফজেড-১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির নির্দিষ্ট ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় এটি চোরাই।
অভিযান চলাকালে মোটরসাইকেল চোরচক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলোও জব্দ করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে