কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ: প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে পাশবিকতা, যুবক আটক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিলাল মিয়া (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার টুকেরগাঁও গ্রামে এই ঘৃণ্য ঘটনাটি ঘটে। আটক বিলাল মিয়া ওই গ্রামের নূর মিয়ার ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিলাল মিয়া ওই শিশুটিকে সাইকেল কিনে দেওয়া ও মিষ্টির প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হলে তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় স্থানীয়রা বিলালকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার (ডিএনএ টেস্ট ও ফরেনসিক) জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"খবর পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, এই অমানবিক ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আটক বিলালের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
১২৫ বার পড়া হয়েছে