স্বামীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহ, নরসিংদীতে গৃহবধূর আত্মহত্যা; স্বামী আটক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) রাতের দিকে ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশের জনতা জুট মিলে চাকরির সুবাদে নতুনপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কামাল উদ্দিনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। ঘটনার দিন দুপুরে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনাও ঘটে। পরে অভিমান করে রাতে রুমি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি শাহেদ আল-মামুন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মামলা হলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
১১৯ বার পড়া হয়েছে