সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে দুইজন আটক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের চেষ্টা করার ঘটনায় দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে কাজ করছে।
ঘটনাটি ঘটে গত ৪ মে ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খালসংলগ্ন একটি ইকো রিসোর্টে। ওই সময় একটি দুর্বৃত্তচক্র পর্যটকদের লক্ষ্য করে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।
খবর পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে ঢাংমারী খাল এলাকার কাছ থেকে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবন অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ আরও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছ।
১৫০ বার পড়া হয়েছে