জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার উদ্যোগ নিয়ে মন্তব্য মাহফুজ আলমের
শুক্রবার, ১ মে, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার এখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। তিনি মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে নাগরিক জীবনের প্রকৃত সংকট কতটা সমাধান হবে, তা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, অতীতে তিনি ও তার সহযাত্রীরা মনে করতেন যে, সম্ভাব্য সরকারি দল চাইলে বিরোধী শক্তি নির্বাচন করার একটি বড় সুযোগ থাকে। তবে বাস্তবে দেখা গেছে, এমন একটি রাজনৈতিক দলকে সামনে আনা হয়েছে, যাদের ইতিহাস ও অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করে প্রকৃত সমস্যাগুলো অনেক সময় আড়ালে চলে যায়।
তিনি আরও বলেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহে সংসদে যেসব কার্যক্রম দেখা গেছে, তা মূলত একটি নির্দিষ্ট কৌশল বা ‘প্লেবুক’-এর প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা যায়। তবে নাগরিক জীবনের বাস্তব সংকট এই ধরনের নীতি বা কৌশল দিয়ে কতটা সমাধান হবে, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
মাহফুজ আলমের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত নাগরিকদের সেবা ও অধিকার নিশ্চিত করা। কিন্তু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, বরং আইন প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন ছাড়া তা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
১১৭ বার পড়া হয়েছে