জামালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: চিমনি গুঁড়িয়ে দেওয়া, ৫ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১ মে, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং আরেকটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা র্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার পিঙ্গলহাটি ও শরিফপুরের গোবিন্দপুর এলাকায় প্রথমে ‘জিরন ব্রিক ফিল্ড’-এ অভিযান চালানো হয়। সেখানে পরিবেশগত ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে এর চিমনি ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে হঠাৎ ইটভাটার মালিকপক্ষের একজন নারীর ইটপাটকেল নিক্ষেপে র্যাবের একটি গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। এরপরও অভিযান অব্যাহত রাখে ভ্রাম্যমাণ আদালত।
পরে একই এলাকায় ‘যমুনা ব্রিক ফিল্ড’-এ অভিযান চালানো হয়। তবে সেখানে মালিকপক্ষের উপস্থিতি না থাকায় ওই ভাটার চিমনিও গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মূল মালিকসহ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
জামালপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সরকারি কাজে বাধা ও র্যাবের গাড়িতে হামলার ঘটনায় আটক দুজনকে থানায় রাখা হয়েছে। এখনো লিখিত অভিযোগ না পাওয়ায় আনুষ্ঠানিক মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, সদর উপজেলায় অবৈধ চারটি ইটভাটার মধ্যে দুটি ভাটায় অভিযান সম্পন্ন হয়েছে। একটি ভাটাকে জরিমানা করা হয়েছে এবং অন্যটির চিমনি ধ্বংস করা হয়েছে। বাকি ভাটাগুলোতে পরবর্তীতে অভিযান চালানো হবে।
১২৩ বার পড়া হয়েছে