মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন: আলোচনা, কেক কাটা ও নৃত্য পরিবেশনায় মুখরিত সন্ধ্যা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন হিরণ কিরণ থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, ডিজিটাল কালচার সোসাইটির সভাপতি মো. সাগর হোসেন, সারেগামাপা সংগঠনের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল এবং নাট্যকর্মী শিপ্রা দাসসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সহ-সভাপতি সুমি দাস, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী মুন্না, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি, অর্থ সম্পাদক দিগন্ত দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি সুমি আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি শক্তিশালী সাংস্কৃতিক প্রকাশ, যা সমাজের ঐতিহ্য, মূল্যবোধ ও বার্তা বহন করে। তারা তরুণ প্রজন্মকে নৃত্যচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজনকে সাংস্কৃতিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
শেষে কেক কাটা ও বিভিন্ন মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
১১৯ বার পড়া হয়েছে