পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৬টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় মিলগেট বাজার–ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আইনজীবী সোলায়মান হক। পথিমধ্যে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি জব্দসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে