দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে ১৩ বছরের শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে এবং দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অনুপমা রায় প্রতিদিনের মতোই বাইসাইকেলে করে স্কুলে আসে। স্কুল প্রাঙ্গণে এসে সাইকেল থেকে নামার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সকালে স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই অনুপমা মাটিতে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ বিষয়ে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে অনুপমা রায়ের মৃত্যুর খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ ঘটনায় বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
১২৯ বার পড়া হয়েছে