কুয়াকাটায় আন্তঃধর্মীয় আলোচনা সভা: সম্প্রীতি ও সহনশীলতা জোরদারের আহ্বান
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাখাইন, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে একটি আন্তঃধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় মহিপুর থানার সদর মহিপুর কারিতাস অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। কারিতাস আইডিপিডিসি রাখাইন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কুয়াকাটা, আমখোলাপাড়া, নাইয়ুরীপাড়া, বৌলতলীপাড়া, মোথাউপাড়া, কালাচাদপাড়া, কেরানিপাড়া, দিয়ার আমখোলাপাড়া ও হারপাড়াসহ বিভিন্ন রাখাইন পল্লীর বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বৃহত্তর বরিশাল অঞ্চলের সভাপতি মংচোথিন তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান মিরাজ, মো. আবুল হোসেন রাজু এবং জামাল হোসেন। এছাড়া বক্তব্য দেন চিদামো রাখাইন, চোতেন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইডিপিডিসি প্রকল্পের ল্যান্ড অ্যান্ড কেস মনিটরিং অফিসার মংম্যা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে কলাপাড়া উপজেলার ২৮টি রাখাইন পল্লী থেকে আগত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে একটি শান্তিপূর্ণ ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আন্তঃধর্মীয় আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এবং পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
১২১ বার পড়া হয়েছে