খাল পুনঃখননে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন: ডেপুটি স্পিকার
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভর বিল থেকে কাটাখালি বাজার ও আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং দেশকে সুজলা-সুফলা শস্য-শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ধারা অব্যাহত রাখতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় পুনরায় খাল খনন কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে যায়। এর ফলে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়, শুষ্ক মৌসুমে পানিশূন্যতা দেখা দেয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। এ উদ্যোগ সফল হলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি দেশ আবারও সবুজে ভরে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, প্রকল্পের আওতায় পিআইসির মাধ্যমে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে খনন কাজের সূচনা করেন।
১২৪ বার পড়া হয়েছে