বদলি ঠেকাতে নরসিংদী সদর হাসপাতালে ঘণ্টাব্যাপী কর্মবিরতি
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদী সদর হাসপাতালে বদলিকৃত এক কর্মচারীর বদলি আদেশ বাতিলের দাবিতে আউটসোর্সিং কর্মীদের দিয়ে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনার ফলে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে সাময়িক স্থবিরতা নেমে আসে।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত হাসপাতালের টিকিট কাউন্টারসহ গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় হাসপাতালের অভ্যন্তরের বিভিন্ন কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন, আর ভর্তি রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন আউটসোর্সিং কর্মীরা। কর্মবিরতিতে অংশ নেওয়া এক কর্মী আলমগীর জানান, নরসিংদীর সিভিল সার্জন নাকি বদলি আদেশ বাতিলের আশ্বাস দিয়েছেন—এমন তথ্যের ভিত্তিতেই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে আদেশ স্থগিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
তবে এসব দাবি নাকচ করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর। তিনি বলেন, বদলি একটি স্বাভাবিক সরকারি প্রক্রিয়া এবং তা বাতিলের কোনো আশ্বাস দেওয়া হয়নি। সেবা বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, ভুল বোঝাবুঝির কারণে প্রায় ৪০ মিনিট কর্মবিরতি হয়েছিল। পরে সিভিল সার্জনের নির্দেশে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হয়। তবে এতে রোগীদের ভোগান্তি হয়েছে—এ কথা তিনি স্বীকার করেন।
এদিকে অভিযুক্ত প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. মনসুর আহমেদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না এবং কোনো কর্মসূচির সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য পুরো হাসপাতালের সেবা বন্ধ করে দেওয়া অমানবিক। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—কার প্রভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত হলো।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মনসুর আহমেদকে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে নেত্রকোনার কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির কথা উল্লেখ করা হয় এবং তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে