মোহনপুরে ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় একটি ফিলিং স্টেশনে ডিজেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আব্দুল আলম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
চিকিৎসকের ধারণা, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে আব্দুল আলমের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই তিনি কেশরহাট ফিলিং স্টেশনে ডিজেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় গরমে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন ও পাম্প কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিভাস শর্মা জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। স্বজনদের তথ্য অনুযায়ী তিনি হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন না। তবে তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় হিটস্ট্রোকের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
১১৫ বার পড়া হয়েছে