জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের নিচে যুবকের আত্মহত্যা
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (পেশায় রাজমিস্ত্রী) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার কিছুক্ষণ আগে তিনি নিজের বাইসাইকেল স্টেশনের পাশে রেখে মোবাইল ফোনে কথা বলছিলেন। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেন। সেখানে তিনি ভুল বোঝাবুঝি, পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজের কিছু ব্যক্তিগত বিষয় উল্লেখ করেন। পাশাপাশি নিজের একটি গরু বিক্রি করে পাওনাদারদের ঋণ পরিশোধের অনুরোধও করেন।
নিহতের বাবা বদিরুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা স্থায়ীভাবে মীমাংসা হয়নি। তাঁর দাবি, দাম্পত্য বিরোধের কারণেই ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলার তথ্য পাওয়া যায়নি।
১২১ বার পড়া হয়েছে