মাগুরায় অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার, জব্দ ৫ ফোন ও ৯ সিম
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা শহরে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, নয়টি মোবাইল সিম এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন হিসাবে থাকা অর্থের তথ্য জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে প্রায় চার কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে শহরের ভিটাসাইর মারকাজ মসজিদ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযান থেকে আমিনুল ইসলাম নয়ন (পিতার নাম: লালটু শিকদার) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, অভিযানের সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নয়টি মোবাইল সিম জব্দ করা হয়েছে। পাশাপাশি বিকাশ, নগদসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় পাঁচ লাখ টাকার হিসাব শনাক্ত করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে প্রায় চার কোটি টাকার লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
এ ঘটনায় অনলাইন জুয়ার অভিযোগে সংশ্লিষ্ট আইনে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
১২৪ বার পড়া হয়েছে