দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যা: ২০০ আসামির মামলা, এখনো গ্রেফতার নেই
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘পীর’ পরিচিত আব্দুর রহমান শামিম (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে তাঁর পরিবার। তবে মামলায় দুই শতাধিক আসামি থাকলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রাজিব মিস্ত্রি নামে একজন রয়েছেন, যিনি স্থানীয় গাজী মিস্ত্রির ছেলে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা আব্দুর রহমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় তাঁর তিন অনুসারী আহত হন। পাশাপাশি তাঁর আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ঘটনার পরদিন রোববার ময়নাতদন্ত শেষে বিকেলে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অন্যদিকে, রাজিব মিস্ত্রি এলাকায় জামায়াতের কর্মী হিসেবে পরিচিত হলেও তার কোনো সাংগঠনিক পদ নেই বলে জানা গেছে। উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন দাবি করেছেন, “রাজিব মিস্ত্রি নামে ওই ব্যক্তি তাদের দলের সঙ্গে সম্পৃক্ত নন।”
১৯৭ বার পড়া হয়েছে