মোংলায় ৬ বিয়ে করা প্রতারক স্বামীকে প্রকাশ্যে মারধর করে তুলে নিয়ে গেলো স্ত্রী-স্বজনরা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা পৌর শহরের বি এল এস রোড এলাকার মেইন বাজারে মঙ্গলবার দুপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একাধিক বিয়ের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে বাজার থেকে তুলে নিয়ে গেছে তার একাধিক স্ত্রীর স্বজনরা। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম দেলোয়ার (৩৫), তিনি সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিয়ের নামে প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি অন্তত ছয়টি বিয়ে করেন এবং বিয়ের পর অল্প সময় স্ত্রীর বাড়িতে থেকে বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময় অর্থ-সম্পদ নিয়ে পালিয়ে যেতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেলোয়ার বাজারে অবস্থান করছিলেন। এ সময় তার এক স্ত্রী তাকে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে তাকে চিনে ফেলেন এবং ক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা তাকে মারধর শুরু করেন।
এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়ে বাজার এলাকা থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় স্বজনরা। ঘটনাটি দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় করেন। মুহূর্তের মধ্যেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি দ্রুত আলোচনায় আসে। তবে ব্যস্ত বাজারে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, অভিযোগ সত্য হলেও অভিযুক্তকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল।
এদিকে, দেলোয়ারকে কোথায় নেওয়া হয়েছে এবং তার বর্তমান অবস্থা কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
এ ঘটনায় পুরো মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।
২৮৮ বার পড়া হয়েছে