৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রীর ঘোষণা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের কৃষকদের জন্য বড় উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ‘কৃষক কার্ড’ অন্যতম। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, তা সরকার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের কাছে কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সরাসরি কৃষির সঙ্গে যুক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার সবসময় কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং বাকিরাও কোনো না কোনোভাবে এ খাতের ওপর নির্ভরশীল।
দেশ পুনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন সময় দেশ গড়ার। জনগণের সরকার হিসেবে আমরা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।”
সরকারের এই কার্ডে কৃষকদের জন্য ১০টি বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে বলেও তিনি জানান।
১৯৮ বার পড়া হয়েছে